নিজস্ব প্রতিনিধি : সিনেমা হল মানেই পপকর্ন, চিকেন নাগেটস কিংবা পছন্দের স্ন্যাকস হাতে বড় পর্দার গল্পে ডুবে থাকা। কিন্তু ‘রামায়ণ’ দেখতে গিয়ে সেই চেনা অভ্যাসে কিছুটা বদল! ছবির প্রদর্শন চলাকালীন প্রেক্ষাগৃহের ভিতরে আমিষ খাবার পরিবেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে SVF Cinemas। বদলে দর্শকদের জন্য থাকছে নিরামিষ খাবারের বিশেষ মেনু।
সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ‘রামায়ণ’ দেখতে গিয়ে বিষয়টি নজরে আসে দর্শকদের। হলের ভিতরে চিকেন, মাছের বদলে মিলছে ফ্রেঞ্চ ফ্রাই, পনির কাটলেট, ভেজ বার্গারের মতো নানা পদ। পরে জানা যায়, শুধু একটি হল নয়, রাজ্যে SVF-এর সমস্ত স্ক্রিনেই চালু হয়েছে এই ব্যবস্থা। পশ্চিমবঙ্গে সংস্থার মোট ৬৭টি স্ক্রিন রয়েছে। তার মধ্যে প্রায় ৯৫ শতাংশ স্ক্রিনে প্রতিদিন চারটি করে শো চলছে ‘রামায়ণ’-এর। তবে এই নিয়ম অন্য ছবির ক্ষেত্রে নয়। সেগুলির প্রদর্শনের সময় আগের মতোই পাওয়া যাবে আমিষ-নিরামিষ মিলিয়ে সম্পূর্ণ মেনু।
কেন এই বিশেষ উদ্যোগ? আসলে ‘রামায়ণ’ অনেকের কাছে নিছক বিনোদন নয়, ধর্মীয় বিশ্বাস ও আবেগেরও অংশ। ছবির প্রদর্শনের সময় হনুমান চালিশার আবহে প্রেক্ষাগৃহের পরিবেশও অনেক দর্শকের কাছে বিশেষ ভক্তিময় অনুভূতি তৈরি করছে। সেই আবেগের প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত। এর আগে ‘মহাবতার নরসিংহ’ দেখতে এসে দর্শকদের একাংশ স্বেচ্ছায় জুতো খুলে প্রেক্ষাগৃহে প্রবেশ করেছিলেন। ‘হনুমান অংশ’ ছবির প্রদর্শনের সময়ও দর্শকদের তরফে নিরামিষ খাবারের অনুরোধ এসেছিল। সেই অভিজ্ঞতাও বর্তমান সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে। তবে হলের বাইরের খাবারের কাউন্টারে কোনও বদল নেই। সেখানে আগের মতোই মিলবে আমিষ ও নিরামিষ—দু'ধরনের খাবার। অর্থাৎ, পর্দায় রামায়ণের আবহ, আর বিরতির মেনুতেও তার ছোঁয়া! দর্শকের বিশ্বাস ও সিনেমা হলের বাণিজ্যিক অভিজ্ঞতার এই মেলবন্ধনই এখন নতুন চর্চার বিষয়।
