নিজস্ব প্রতিনিধি: শুটিংয়ের কাজে বাড়ি থেকে বহু দূরে গিয়ে আর ফেরা হল না। সিকিমে শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন বাংলার টেকনিশিয়ান পিন্টু মণ্ডল। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল টলিউডের টেকনিশিয়ান মহলে। একদিকে সহকর্মীকে হারানোর যন্ত্রণা, অন্যদিকে তাঁর পরিবারের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। এমন পরিস্থিতিতে পিন্টুর পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগী হয় টলিউডের ফেডারেশন। এই প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ।
পিন্টুর মৃত্যুর পর পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সরব হন টেকনিশিয়ানরা। ফেডারেশনের তরফে বিষয়টি নিয়ে উদ্যোগ নেওয়া হয়। সেই প্রচেষ্টায় সামিল হন রুদ্রনীলও। শেষ পর্যন্ত মুম্বইয়ের সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার তরফে মিলল ইতিবাচক সাড়া। বুধবার, ১৮ নভেম্বর পিন্টুর পরিবারের জন্য ৩৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
৩৫ লক্ষ টাকা দিয়ে একজন মানুষকে হারানোর শূন্যতা পূরণ করা সম্ভব নয়। পরিবারের কাছে পিন্টুর অভাব থেকে যাবে চিরকাল। তবে এই আর্থিক সহায়তা তাঁদের আগামী দিনের লড়াইয়ে কিছুটা ভরসা জোগাবে। পিন্টুর মৃত্যুর পর ক্ষতিপূরণের ব্যবস্থা হওয়ায় আপাতত কিছুটা স্বস্তিতে টেকনিশিয়ানরাও। বিপদের দিনে তাঁদের পরিবারের পাশে কেউ দাঁড়াচ্ছেন—এই আশ্বাসটুকুও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
