নিজস্ব প্রতিনিধি: শুটিং চলাকালীন দুর্ঘটনায় ফের এক প্রাণহানি। কয়েক মাস আগে তালসারিতে ধারাবাহিকের শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনা ঘিরে টলিউডে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার গ্যাংটকে ছবির শুটিং চলাকালীন দুর্ঘটনায় মৃত্যু হল বাংলার টেকনিশিয়ান পিন্টু মণ্ডলের। বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। ম্যাডক ফিল্মসের আগামী ছবি 'মিশন মির্চি'র শুটিং চলছিল সিকিমের গ্যাংটক ও সংলগ্ন এলাকায়।
১৬ নভেম্বর শুটিংয়ের লোকেশন পরিবর্তনের সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ইউনিটের গাড়ি। দুর্ঘটনায় গুরুতর আহত হন কলকাতার লাইট টেকনিশিয়ান পিন্টু মণ্ডল এবং ৩৬ বছর বয়সি বাবর আলি মোল্লা। দু'জনকেই গ্যাংটকের এসটিএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৭ নভেম্বর সকালে মৃত্যু হয় পিন্টুর। আহত বাবরের চিকিৎসা চলছে। 'লাইট অ্যান্ড লাইট' সংস্থার অধীনে কাজ করছিলেন পিন্টু। ছবিটির প্রযোজক সঞ্জীব মিশ্র এবং পরিচালক কুণাল দেশমুখ। অভিনয়ে রয়েছেন বিজয় বর্মা ও জয়দীপ আহলাওয়াত। ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত গ্যাংটক ও সংলগ্ন এলাকায় শুটিংয়ের পরিকল্পনা ছিল।
দুর্ঘটনার জেরে শুটিং ইউনিটের সদস্যদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর শুটিংয়ের সঙ্গে যুক্ত শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) চালুর দাবি উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এক টেকনিশিয়ানের মৃত্যুতে প্রশ্ন উঠছে শুটিং ইউনিটের যাতায়াত ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে। পিন্টু মণ্ডলের পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে প্রযোজনা সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ঘোষণা সামনে আসেনি। দুর্ঘটনার কারণ, নিরাপত্তার ব্যবস্থা এবং মৃতের পরিবারকে আর্থিক সহায়তার বিষয়গুলি নিয়েও স্বচ্ছতা প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট মহলের অনেকে। পরপর দু'টি ঘটনায় শুটিংয়ের নিরাপত্তা বিধি কার্যকর করার দাবি আরও একবার চর্চায়।
