নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই লক্ষ্মী পুজো। বাঙালির ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা হবে। তবে অনেক বাঙালি পরিবারে মূর্তির বদলে মাটির সরাতে পুজো করার চলও রয়েছে। যেখানে মাটির সরার উপর আঁকা থাকে মা লক্ষ্মীর ছবি। এই সরার নানা প্রকারভেদও আছে। কোথাও লক্ষ্মী দেবী থাকেন একাকী আবার কোথাও সখীদের সাথে। এছাড়াও থাকে আরো নানান দেব দেবী।
মূলত পূর্ববঙ্গের বা অধুনা বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মাটির সরায় পুজো করার চল রয়েছে। সেই ধারায় অব্যাহত আজ। যেমন সুরেশ্বরী সরা। ইতিহাস বলে, অবিভক্ত বাংলার ফরিদপুর জেলায় মাদারীপুর এলাকার একটি গ্রাম ছিল সুরেশ্বর। যাকে সরা চিত্রকলার জন্মস্থান হিসেবে চিহ্নিত করা হয়। এই সরার ছবি তিন ভাগে বিভক্ত। উপরের অংশে শিব, মাঝামাঝি দুর্গা অবস্থান করছেন সপরিবার এবং দেবী লক্ষ্মী সরার শেষ অংশে আঁকা হয়।
এর পরে উল্লেখ করা যায় গণকি সরার নাম। প্রাচীনকালে পূর্ববঙ্গের প্রতিটি গ্রামে অন্তত একটি ঘর গণক থাকতেন। তাঁদের বংশগত পেশা ছিল জন্ম রাশিফল তৈরি, ভাস্কর্য ও প্রতিমা চিত্রাঙ্কন করা। ব্রাহ্মণদের এই বিশেষ সম্প্রদায় মন্ত্রোচ্চারণের পর প্রতিমা তৈরি করত। তাঁরা সরা চিত্রকর্মের সঙ্গেও জড়িত ছিলেন। এই গণকঠাকুরদের নাম থেকেই গণকি সরা এসেছে। এই গণকি সরার চিত্র দু’টি ভাগে বিভক্ত, প্রথম ভাগে মা দুর্গা তাঁর পরিবারের সঙ্গে রয়েছেন এবং নীচের ভাগে মা লক্ষ্মী। তবে এই সরা লাল রঙের পটভূমিতেই আঁকা হয়।
বাংলাদেশের ফরিদপুর জেলাতে আলাদা এক বিশেষ সরায় লক্ষ্মীর আরাধনা হয়। যাকে ফরিদপুরী সরা বলে। এই সরাও দু’ভাগে বিভক্ত। উপরের দিকে মা দুর্গা থাকেন আর নয়তো লক্ষ্মী-নারায়ণ বা রাধা-কৃষ্ণ। নীচের ভাগে মা লক্ষ্মীকে চিত্রিত করা হয়।
এরপর আসা যাক ঢাকাই সরার কথায়। এখানে মা লক্ষ্মীকে একাকী বাণিজ্যের জন্য ব্যবহৃত একটি নৌকায় বসে থাকতে দেখা যায়। অনেক ঢাকাইয়া পরিবারে কলা পাতা থেকে ক্ষুদ্রাকৃতির নৌকা তৈরি করে কোজাগরী লক্ষ্মী পুজোয় দেবীকে নিবেদনের প্রথা রয়েছে। মা লক্ষ্মী এখানে বাণিজ্যের দেবী।
সূক্ষ্ম অঙ্কন শৈলী, নজরকাড়া কারুকার্য এবং ভেষজ রঙের ব্যবহার এই লক্ষ্মীর সরাগুলিকে অন্যান্য দেবীমূর্তির থেকে আলাদা করেছে। প্রাচীন বাংলার ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি এই লক্ষ্মীর সরায় ফুটে ওঠে। তবে কালের নিয়মে এই শিল্পকলা কার্যত হারিয়ে যাচ্ছে। যাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদেরই নিতে হবে।
