নিজস্ব প্রতিনিধি : বলিউড অভিনেতা ইমরান খানের নাগরিকত্ব ঘিরে বিতর্ক এ বার নতুন মোড় নিল। আমির খানের ভাগ্নে তথা ‘দিল্লি বেলি’ ছবির অভিনেতাকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিস দেওয়া হয়েছে বলে খবর। গত ১০ অক্টোবর মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে মুখ্য নির্বাচন কমিশনারের (CEC) পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার পরেই তাঁকে ঘিরে এই পদক্ষেপ। বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক ও বিনোদন মহলে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এবং ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি (CJP) ওই আন্দোলনের ডাক দিয়েছিল। দিল্লির পাশাপাশি মুম্বইয়েও বিক্ষোভের আয়োজন করা হয়। সেখানে অংশ নিয়ে চারশোরও বেশি বিক্ষোভকারীর সঙ্গে আটক হন ইমরান। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়।
ঘটনার পর আন্দোলনকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর দায়ের করে পুলিশ। অভিযোগের মধ্যে ছিল সরকারি নির্দেশ অমান্য, অন্যায় ভাবে বাধা দেওয়া এবং বেআইনি জমায়েত সংক্রান্ত ধারা। আটক হওয়ার পর সমাজমাধ্যমে একটি পোস্টে ইমরান নিজের আটক হওয়ার কারণ নিয়েও প্রশ্ন তুলেছিলেন।
ইমরানের বিরুদ্ধে পদক্ষেপের নেপথ্যে তাঁর নাগরিকত্বের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ কিরীট সোমাইয়ার দাবি, ইমরান আমেরিকার নাগরিক। বিদেশি নাগরিক হয়ে কী ভাবে তিনি ভারতের রাজনৈতিক আন্দোলনে অংশ নিলেন, সেই প্রশ্ন তুলে পুলিশের কাছে অভিযোগও জানানো হয়।
এর পর ইমরানের নাগরিকত্ব এবং ভারতে থাকার অনুমোদন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে বিদেশি নাগরিকদের নথিপত্র সংক্রান্ত দফতর FRRO-র সঙ্গে যোগাযোগ করে পুলিশ বলে জানা যায়। সেই প্রক্রিয়ার পরেই ভারত ছাড়ার নোটিস জারির খবর সামনে এসেছে।
এই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা বলে জানা গিয়েছে। তবে গোটা ঘটনায় ইমরানের পরবর্তী পদক্ষেপ এবং আইনি লড়াই কোন দিকে এগোয়, এখন সে দিকেই নজর।
