পায়েল মুখার্জী: বিতর্ক যেন পিছু ছাড়ছে না জনপ্রিয় র্যাপার হানি সিংয়ের। দিল্লির এক কনসার্টে যৌনতা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এবার আইনি জটিলতা আরও বাড়ল তাঁর। বারবার সমন পাঠানো সত্ত্বেও হাজিরা না দেওয়ায় হানি সিংয়ের বিরুদ্ধে ‘লুক আউট সার্কুলার’ জারির হুঁশিয়ারি দিয়েছে মহারাষ্ট্র সাইবার সেল।
ঘটনার সূত্রপাত চলতি বছরের গোড়ায়, দিল্লিতে নানকু ও করুণের একটি কনসার্টে। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে শীতের রাতে গাড়িতে যৌন সম্পর্ক নিয়ে মন্তব্য করতে শোনা যায় হানি সিংকে। পাশাপাশি, নিরাপদ যৌনতার বার্তা দিতে কন্ডোম ব্যবহারের পরামর্শও দেন তিনি। তবে তাঁর মন্তব্যের ভাষা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় নেটপাড়ায়। কেউ অশালীনতার অভিযোগ তোলেন, কেউ আবার কড়া ভাষায় কটাক্ষ করেন র্যাপারকে।
বিতর্কের আবহে ক্ষমা চেয়ে হানি সিং দাবি করেন, যৌন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পরেই তিনি কনসার্টে ‘সেফ সেক্স’-এর বার্তা দিতে চেয়েছিলেন। তরুণ প্রজন্মের কাছে পরিচিত ভাষায় সচেতনতার কথা পৌঁছে দেওয়াই ছিল তাঁর উদ্দেশ্য। তবে বক্তব্যের উপস্থাপনা অনেকের কাছে আপত্তিকর মনে হওয়ায় তিনি দুঃখপ্রকাশ করেন এবং ভবিষ্যতে ভাষা ব্যবহারে আরও সতর্ক থাকার আশ্বাস দেন।
এই ঘটনাকে কেন্দ্র করেই মহারাষ্ট্র সাইবার সেলে অভিযোগ দায়ের হয়। তদন্তের স্বার্থে হানি সিংকে হাজিরার জন্য সমন পাঠানো হয়। গত ৬ অক্টোবর হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি অতিরিক্ত সময় চান। এরপর ১৬ অক্টোবর ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু শুক্রবারও হাজিরা এড়িয়ে ২২ অক্টোবরের জন্য সময় চেয়েছেন বলে খবর। এর পরিপ্রেক্ষিতেই কড়া অবস্থান নিয়েছে সাইবার সেল।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসেও গানের কথাকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিলেন হানি সিং। সেই সংক্রান্ত মামলাও আদালতে বিচারাধীন বলে জানা গিয়েছে। সব মিলিয়ে, নতুন এই আইনি জটিলতা ঘিরে ফের আলোচনার কেন্দ্রে বলিউডের এই জনপ্রিয় র্যাপার। এখন নজর, আগামী ২২ অক্টোবর তিনি তদন্তকারীদের সামনে হাজির হন কি না।
