নিজস্ব প্রতিনিধি: আর লেখা যাবে না ‘ওয়েস্ট বেঙ্গল’, রাজ্যের নাম নিয়ে বড় সিদ্ধান্ত হয়ে গেল রাজ্য মন্ত্রিসভায়। সোমবার মন্ত্রিসভা বৈঠকে রাজ্যের নতুন নামের ক্ষেত্রে অনুমোদন দেওয়া হয়েছে। রাজ্যের নাম যাতে সব ভাষাতেই 'পশ্চিমবঙ্গ' হিসেবে লেখা হয়, সেই প্রস্তাব আনবে রাজ্য সরকার। স্বাধিনতার পর থেকে এতদিন বাংলায় পশ্চিমবঙ্গ লেখা হলেও ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল লেখা হতো। এবার দুটি ক্ষেত্রেই যাতে পশ্চিমবঙ্গ লেখা হয় সেই প্রস্তাব পেশ হবে বিধানসভায়। বলাই বাহুল্য সেই প্রস্তাব পাস হতে সময় লাগবে না। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, বিগত তৃণমূল সরকার রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব নিয়ে খুব একটা নড়াচড়া হয়নি। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরই শুভেন্দু অধিকারী এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন। তখনই বোঝা গিয়েছিল কি হতে চলেছে। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ নামের সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস ও আবেগ। নাম পরিবর্তনের বিষয়ে মতামত চাওয়া হলে তিনি যথাযথ সময় নিজের অবস্থান জানাবেন। তিনি আরও জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গ নামটি মুছে ফেলার অর্থ রাজ্যের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে মুছে ফেলা, যা তাঁদের পক্ষে সম্ভব নয়।
উল্লেখ্য, প্রশাসনিক সুবিধার কথা মাথায় রেখেই দীর্ঘদিন ধরে রাজ্যের নাম পরিবর্তনের ভাবনাচিন্তা চলছিল। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বৈঠকে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সবার শেষে এই রাজ্যের প্রতিনিধিদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়। কারণ কেন্দ্রীয় সরকারের তালিকায় ‘ওয়েস্ট বেঙ্গল’-এর নাম আসে একেবারে শেষে। সেই জন্যই তৃণমূল সরকার রাজ্যের নাম পরিবর্তন করে শুধুই 'বাংলা' করার প্রস্তাব পেশ করেছিল বিধানসভায়। যদিও নানা বিতর্কের পর ২০১৬ সালের ২ অগস্ট রাজ্য মন্ত্রিসভায় রাজ্যের নাম তিনটি ভাষায় পৃথক নাম রাখার প্রস্তাব এসেছিল। বাংলা ভাষায় ‘বাংলা’, ইংরেজিতে ‘বেঙ্গল’ এবং হিন্দিতে ‘বঙ্গাল’—এই তিনটি নাম প্রস্তাব করা হয়। যদিও বিরোধিতা করে বামফ্রন্ট। মূল প্রস্তাবটি বিধানসভায় পাশ করিয়ে কেন্দ্রের কাছে পাঠানো হয়েছিল।
কোনও রাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন বাধ্যতামূলক। কিন্তু তিনটি ভাষায় তিন রকম নাম রাখার প্রস্তাবে আপত্তি জানিয়ে সেই প্রস্তাব রাজ্যের কাছেই ফেরত পাঠিয়ে দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাঁদের বক্তব্য ছিল, সব ভাষাতেই এক নাম থাকা বাধ্যতামূলক। পরবর্তী সময় রাজ্যের নাম বাংলা করার প্রস্তাবও পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে। কিন্তু শেষ পর্যন্ত সেই উদ্যোগ আর বাস্তবায়িত হয়নি। এবার বিজেপির নতুন মন্ত্রিসভা বাংলা, ইংরেজি দুই ভাষাতেই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ রাখার প্রস্তাব দিতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটাই শেষ পর্যন্ত লাগু হতে পারে।
