নিজস্ব প্রতিনিধি : বাংলা সিনেমার পর্দায় ফিরছে সত্যজিৎ রায়ের অমর সাহিত্যভুবন। আর সেই জাদুকরী জগৎকে নতুন করে দর্শকের সামনে তুলে ধরার দায়িত্ব নিচ্ছেন তাঁরই পুত্র, পরিচালক সন্দীপ রায়। সত্যজিৎ রায়ের লেখা চারটি জনপ্রিয় ছোটগল্প অবলম্বনে এবার একটি পূর্ণদৈর্ঘ্যের অ্যান্থলজি ছবি তৈরি করতে চলেছেন তিনি। প্রযোজনায় প্রদীপ কুমার নন্দীর ‘নন্দী মুভিজ’।
ছবির জন্য বেছে নেওয়া হয়েছে ‘খগম’, ‘বাতিক বাবু’, ‘ভুতো’ এবং ‘নীল আতঙ্ক’— সত্যজিতের সাহিত্যভাণ্ডারের চারটি স্বতন্ত্র গল্প। চারটি গল্পে রয়েছে আলাদা চরিত্র, ভিন্ন প্রেক্ষাপট এবং নিজস্ব স্বাদ। কোথাও রহস্য, কোথাও অদ্ভুতুড়ে অভিজ্ঞতা, আবার কোথাও বাস্তবের আড়ালে লুকিয়ে থাকা অচেনা জগতের হাতছানি। সব মিলিয়ে সত্যজিতের চেনা কল্পনাশক্তি ও গল্প বলার অসামান্য মুন্সিয়ানাই হয়ে উঠবে ছবির মূল আকর্ষণ।
সত্যজিতের ছোটগল্প নিয়ে কাজ করার ইচ্ছা সন্দীপ রায়ের দীর্ঘদিনের। এর আগে ‘যেখানে ভূতের ভয়’ এবং ‘চার’-এর মতো অ্যান্থলজি ছবিতে তাঁর পরিচালনার ছাপ মিলেছে। এবার বড়পর্দায় নতুন চারটি গল্পকে একসঙ্গে সাজিয়ে দর্শকদের সামনে আনার উদ্যোগ তাঁর সেই পরিকল্পনারই পরবর্তী পদক্ষেপ। ছবিতে থাকছে টলিউডের একঝাঁক পরিচিত মুখ। অভিনয়ে দেখা যাবে শুভাশিস মুখোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়, সুপ্রিয় দত্ত, সাহেব চট্টোপাধ্যায়-সহ একাধিক অভিনেতাকে।
চিত্রগ্রহণে শশাঙ্ক পালিত, শিল্প নির্দেশনায় অনন্য আঢ্য এবং সম্পাদনায় সুব্রত রায়। ফলে সাহিত্য ও সিনেমার মেলবন্ধনে এই নতুন উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে আগ্রহ। তবে এই সিনেমার নাম এখনও জানাননি পরিচালক সন্দীপ রায়। পুরনো প্রজন্মের কাছে নস্ট্যালজিয়া, আর নতুনদের কাছে সত্যজিতের গল্পের জগৎ আবিষ্কারের সুযোগ— সন্দীপ রায়ের এই ছবি বাংলা সিনেমায় কতটা নতুন মাত্রা যোগ করে, এখন সেটাই দেখার।
