নিজস্ব প্রতিনিধি : টিকিট বিক্রি প্রায় শেষ, কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছিল। তারই মধ্যে শেষ মুহূর্তে বড় ধাক্কা দিল্লিতে দিলজিৎ দোসাঞ্জের অনুরাগীদের জন্য। আগামী ৩০ অক্টোবর রাজধানীতে নির্ধারিত ‘অরা ইন্ডিয়া ট্যুর’-এর প্রথম কনসার্টে অনুমতি দিল না দিল্লি পুলিশ। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং উৎসবের মরসুমে আইনশৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
টিকিট বিক্রির সংস্থা বুক মাই শো-কে পাঠানো চিঠিতে দিল্লি পুলিশের দক্ষিণ জেলার ডেপুটি কমিশনারের দফতর জানিয়েছে, অনুষ্ঠান আয়োজনের আবেদন পর্যালোচনা করা হলেও একাধিক কারণে অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। চিঠিতে নির্দিষ্ট নিরাপত্তা হুমকির তথ্যের উল্লেখ থাকলেও, সেই হুমকির প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
এদিকে, দিলজিতের টিমের তরফে দিল্লির অনুষ্ঠান নিয়ে প্রচার চলছিল। শিল্পীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও কনসার্টের প্রচার করা হয়েছে। ফলে পুলিশের এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। নির্ধারিত দিনে আদৌ মঞ্চে উঠবেন দিলজিৎ? নাকি বদলাতে হবে বহু প্রতীক্ষিত অনুষ্ঠানের পরিকল্পনা?
চলতি মাসের শুরুতে ‘অরা ইন্ডিয়া ট্যুর’-এর ভারতীয় সফরের ঘোষণা করেছিলেন গায়ক। সূচি অনুযায়ী, দিল্লি থেকেই ৩০ অক্টোবর সফরের সূচনা হওয়ার কথা। ইউরোপ ও উত্তর আমেরিকায় একাধিক অনুষ্ঠান করার পর তাঁর ভারত সফর ঘিরে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছিল ব্যাপক উৎসাহ। ৬ অক্টোবর থেকে শুরু হয়েছিল প্রি-সেল টিকিট বিক্রিও।
তবে আপাতত সবচেয়ে বড় প্রশ্ন টিকিট কাটা দর্শকদের ভবিষ্যৎ নিয়ে। অনুষ্ঠান বাতিল হলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে কি না, কিংবা অন্য কোনও বিকল্প ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি।
নিরাপত্তার কারণে পুলিশের আপত্তি, অন্যদিকে কনসার্ট ঘিরে অনুরাগীদের প্রত্যাশা—এই দুইয়ের মাঝে এখন অনিশ্চিত দিলজিতের দিল্লি শো। চূড়ান্ত সিদ্ধান্ত এবং আয়োজকদের পরবর্তী ঘোষণার দিকেই এখন নজর দর্শকদের।
