নিজস্ব প্রতিনিধি - কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনের আগে সংশোধিত ওয়ার্ড পুনর্বিন্যাসের চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশিত হয়েছে। ২০৯টি ওয়ার্ডের মধ্যে ৭০টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। বুধবার রাতে প্রকাশিত তালিকায় ৬৬টি সাধারণ মহিলা এবং ৪টি তফসিলি মহিলা আসন রয়েছে।
চূড়ান্ত তালিকায় তফসিলি মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়েছে ২৫, ৭৫, ১৫৪ ও ১৯৭ নম্বর ওয়ার্ড। তফসিলি জাতির সাধারণ প্রার্থীদের জন্য সংরক্ষিত হয়েছে ৩১, ৫২, ১২৫, ১৪৪, ১৫৮, ১৯২, ২০০ ও ২০১ নম্বর ওয়ার্ড। তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য কোনও আসন সংরক্ষণ করা হয়নি।
সংরক্ষণ নিয়ে ১৯৯৪ সালের পশ্চিমবঙ্গ পুর নির্বাচন আইন মেনে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের তরফে ‘ফর্ম বি’-এর ৩ ও ৪ নম্বর ধারা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
চূড়ান্ত তালিকা প্রকাশের পরই রাজনৈতিক দলগুলির অন্দরে শুরু হয়েছে নতুন করে হিসেব-নিকেশ। কোন ওয়ার্ডে কে প্রার্থী হবেন, কোথায় পুরনো প্রার্থীকে সরিয়ে নতুন মুখ আনা হবে—তা নিয়ে বিজেপি, তৃণমূল, বাম ও কংগ্রেস শিবিরে শুরু হয়েছে প্রার্থী তালিকা পুনর্বিন্যাসের প্রস্তুতি।
রাজ্য নির্বাচন কমিশনের প্রস্তুতি অনুযায়ী, নভেম্বরের ২৮ অথবা ২৯ তারিখে কলকাতা ও হাওড়ায় পুরভোট হতে পারে। ফলে সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশের পর কলকাতা পুরভোটের রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে চলেছে।
