নিজস্ব প্রতিনিধি: এই রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য আগেই সুখবর শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর বেকার ভাতা বা ‘ভরসা’ প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, বেকার ভাতা চালু হচ্ছে আসন্ন জানুয়ারি মাস থেকেই। কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কত টাকা করে পাবেন, সেটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে পূর্বে দেওয়া প্রতিশ্রুতি পুরণ না করতে পারার জন্য ক্ষমাও চেয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে প্রচারপর্বে বিজেপি তাঁদের সংকল্পপত্রে বেকার ভাতার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সেখানে বিজেপি কর্মহীন স্নাতকদের মাসে ৩০০০ টাকা করে এবং যাঁরা স্নাতক নন, তাঁদের মাসে ২০০০ টাকা করে ভাতা দেওয়ার কথা জানিয়েছিল। এদিন মুখ্যমন্ত্রী জানান, সংকল্পপত্রে জানানো প্রতিশ্রুতি মতো টাকা এখন দেওয়া সম্ভব হচ্ছে না। আপাতত স্নাতকদের এবং সরকারি ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্তদের দেওয়া হবে মাসিক ২০০০ টাকা করে। অন্যদের মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। প্রতিশ্রুতি এখনই পূরণ করতে না পারার জন্য এদিন মুখ্যমন্ত্রী সকলের কাছে ‘সরি’ও চেয়ে নিয়েছেন। তিনি জানান, আপাতত ১৫ মাস এই অর্থ মিলবে। পরবর্তীতে এই ভাতার অঙ্ক বাড়ানো হবে।
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, ‘‘আমরা পূর্বে জানিয়েছিলাম, স্নাতকরা প্রতি মাসে ৩০০০ টাকা ও স্নাতক নন যাঁরা, তাঁরা ২০০০ টাকা করে পাবেন। কিন্তু সরকার এসেছে ৬ মাস হয়েছে মোটে। তার মাঝে আগে দীর্ঘদিনের বকেয়া ডিএ-র অনেকটা অংশ মেটাতে হয়েছে। তাতে অনেকটা খরচ হয়েছে। তাই জন্য জানুয়ারি মাস থেকে একবছর আমরা স্নাতকদের ২০০০ টাকা করে আর স্নাতক নন যারা, তাদের ১৫০০ টাকা করে দেব। এই প্রকল্পের আওতায় এবার স্নাতকের পাশাপাশি কারিগরি শিক্ষার ট্রেনিংপ্রাপ্তদেরও এনেছি। তবে আগামী অর্থবর্ষ মানে ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে আবার আগের ঘোষণামতো ভাতা দেব। এই ১৫ মাস সবাইকে একটু মানিয়ে নেওয়ার অনুরোধ করছি।” প্রসঙ্গত, এ বছরের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন সরকার বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবসাথী’ প্রকল্প চালু করেছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে বেকারদের জন্য সরকারি প্রকল্পের নাম রাখে ‘ভরসা’।
