নিজস্ব প্রতিনিধি: এ রাজ্যে কোনওভাবেই ‘গোমাতা’-কে হত্যা করতে দেওয়া হবে না। এবং এ বিষয়ে শীঘ্রই কড়া বিল আনার ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এদিনের বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানান, আইন থাকা সত্ত্বেও ‘লুকিয়ে’ যে সব কাজ চলছে, তার ফল ভুগতে হবে। আরও কড়া বিল আনা হবে। এর পাশাপাশি, বয়স্ক ও অসুস্থ গরুদের সেবাযত্ন ও রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ অনুদান দেওয়ার ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, স্পষ্ট আইন থাকার পরেও ‘লুকিয়ে-চুরিয়ে’ কোথাও কোথাও গোহত্যা চলছে এই রাজ্যে। তবে তা নিয়ে দ্রুত পদক্ষেপও করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা, তিনি বলেন, ‘‘যে ভাবেই ব্যাখ্যা করুন না কেন, রাজ্যে গোমাতাকে কাটতে দেব না। ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন বা ক্যাটল অ্যাক্ট মেনেই কাজ করা হবে’’। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তা হলে কি স্লটার হাউসে জবাই বন্ধ হবে? মুখ্যমন্ত্রী জানান, ‘‘স্লটারহাউস এবং গোমাতার উপর হাত দেওয়া এক নয়। স্লটার হাউসে অনুমতি থাকলে নিশ্চই করতে পারেন’’! এ নিয়ে কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, ১৯৫০ সালের প্রাণিসম্পদ আইন অনুযায়ী কয়েকটি নিয়ম বলবত রয়েছে। নির্দেশ অনুযায়ী, প্রশাসনের অনুমোদন ছাড়া গবাদি পশু হত্যা করা যাবে না। ১৪ বছর বয়স হয়নি, এমন গবাদি পশুকে জবাই করা যাবে না। তা ছাড়াও মাংস কাটার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ কিংবা পশ্চিমবঙ্গের প্রাণিসম্পদ দফতরের লিখিত অনুমতি প্রয়োজন। এই সংক্রান্ত একটি মামলায় গত গত ২১ মে কলকাতা হাই কোর্ট স্পষ্ট করেছিল যে গত পশুজবাই নিয়ে ১৩ মে রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছিল, তা বহাল থাকবে। অর্থাৎ, জবাইয়ের উপযুক্ত শংসাপত্র ছাড়া কোনও পশুজবাই করা যাবে না। এ বিষয়ে যে কড়া অবস্থান নিতে চলেছে বিজেপি সরকার, এদিন সেটাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পাশাপাশি, তিনি বয়স্ক ও অসুস্থ গরুদের রক্ষণাবেক্ষণের জন্য যারা কাজ করেন, তাঁদের জন্যও অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর জন্য তিনি গোকুল মিশনের ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বলেন, বহু গোপালক এবং দুগ্ধপালক দীর্ঘদিন ধরে বয়স্ক ও অসুস্থ গরুদের দেখভালের জন্য সরকারি সাহায্যের দাবি জানাচ্ছিলেন। তাঁদের কথা মাথায় রেখে এই রাজ্যে ভারত সরকারের ‘গোকুল মিশন’ চালু করা হল। এক লক্ষ টাকা বার্ষিক অনুদানও দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
