নিজস্ব প্রতিনিধি: রাজ্যে মাত্র ছয় মাস হল বিজেপি ক্ষমতায় এসেছে। এরমধ্যেই দেশ-বিদেশের শিল্পপতি থেকে শুরু করে বিদেশী রাষ্ট্রদূতরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করছেন। এই রাজ্যে নানা বিনিয়োগের প্রস্তাব ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। শুভেন্দু অধিকারীর সরকার ইতিমধ্যেই শিল্প টানতে তাঁর সরকারের রোডম্যাপ প্রকাশ করেছে। এবারসল্টলেক বিজেপি কার্যালয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য্যের সঙ্গে দেখা করলেন ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিনের নেতৃত্বে একটি অস্ট্রেলীয় প্রতিনিধি দল। দুজনের বৈঠকের পর রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ও বিনিয়োগ ক্ষেত্রের অন্যতম বৃহৎ সংস্থা ‘ব্ল্যাকস্টোন’ পশ্চিমবঙ্গে বড় মাপের বিনিয়োগ করতে চলেছে।
বিজেপি সূত্রে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। সেই লক্ষ্যেই ভারতে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিনের নেতৃত্বে অস্ট্রেলীয় প্রতিনিধি দলটি কলকাতায় বিজেপি সদর দফতরে গিয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার জন্য কী কী বাণিজ্যিক সুযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে চাইছে ওই প্রতিনিধি দল। বিশেষ করে শিক্ষা ও খনি ক্ষেত্রকে পাখির চোখ করছে অস্ট্রেলিয়া। আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা ‘IMME’ সম্মেলনে অস্ট্রেলিয়া থেকে সবচেয়ে বড় প্রতিনিধি দল আসবে। যেখানে ৫০টিরও বেশি অস্ট্রেলীয় সংস্থা অংশ নেবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার। অন্যদিকে শমীক ভট্টাচার্য্য জানিয়েছেন, পশ্চিমবঙ্গেও বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে আসছে ‘ব্ল্যাকস্টোন’। পাশাপাশি পশ্চিমবঙ্গের যেসব শিল্পপতি এতদিন ব্যবসা ভিনরাজ্যে সরিয়ে নেওয়ার কথা ভাবছিলেন, সেই প্রবণতা বন্ধ হয়ে গিয়েছে বলেও দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি। সূত্রের খবর, তিনি অস্ট্রেলিয় প্রতিনিধি দলকে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করার পরামর্শ দিয়েছেন।
