পায়েল মুখার্জী : ধর্ম পরিবর্তন করে ইসলামে দীক্ষিত হলে আগের জাতিগত পরিচয়ের ভিত্তিতে সংরক্ষণের সুবিধা দাবি করা যাবে না। তামিলনাড়ু সরকারের একটি সিদ্ধান্তকে ঘিরে মামলায় বৃহস্পতিবার এই অবস্থান স্পষ্ট করল সুপ্রিম কোর্ট। মাদ্রাজ হাই কোর্টের রায় বহাল রেখে রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি চন্দ্রশেখরের বেঞ্চ।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, প্রচলিত সাংবিধানিক বিধান অনুসারে হিন্দু, শিখ ও বৌদ্ধ ধর্মাবলম্বীরাই তফসিলি জাতি (এসসি) হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। অন্য ধর্ম গ্রহণের পর পূর্ববর্তী জাতিগত পরিচয়ের কারণে পাওয়া সামাজিক অনগ্রসরতার ভিত্তিতে সংরক্ষণের দাবি করা যাবে না বলেও জানানো হয়েছে।
এই বিতর্কের সূত্রপাত ২০২৪ সালে। সে সময় তামিলনাড়ু সরকার বিজ্ঞপ্তি জারি করে জানায়, রাজ্যের হিন্দু তফসিলি জাতি, অতি অনগ্রসর শ্রেণি (এমবিসি) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) কোনও ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাঁকে ‘অনগ্রসর মুসলিম’ হিসেবে চিহ্নিত করে সংরক্ষণের সুবিধা দেওয়া যেতে পারে।
সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয় মাদ্রাজ হাই কোর্টে। চলতি বছরের জুনে আদালত বিজ্ঞপ্তিটিকে অসাংবিধানিক বলে বাতিল করে। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল তামিলনাড়ু সরকার।
মামলার পিছনে রয়েছে ২০১৫ সালের একটি ঘটনা। তামিলনাড়ুর এক অনগ্রসর শ্রেণিভুক্ত ব্যক্তি দ্বিতীয় বিয়ে করার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তী সময়ে ‘অনগ্রসর মুসলিম’ পরিচয়ে জাতিগত শংসাপত্র পাওয়াকে কেন্দ্র করে আইনি জটিলতা তৈরি হয়।
ধর্মান্তরিত ব্যক্তিদের অনগ্রসর মুসলিম হিসেবে শংসাপত্র দেওয়ার ক্ষমতা রাজ্যের রয়েছে বলে দাবি করেছিল তামিলনাড়ু সরকার। কিন্তু সেই যুক্তি শেষ পর্যন্ত গ্রহণ করেনি আদালত। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে ধর্মান্তর এবং জাতিগত সংরক্ষণের যোগ্যতা নিয়ে চলা আইনি বিতর্কে নতুন করে গুরুত্ব পেল সাংবিধানিক বিধানের ব্যাখ্যা।
