নিজস্ব প্রতিনিধি: পুজো মিটতেই পুজো-কাণ্ডে আটক মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী ইন্দ্রনীল সেন। ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্গাপুজোর পাস বিক্রি করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা ইডি তদন্ত করছে ওই অভিযোগের। এর আগেও তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বুধবার ফের তাঁকে তলব করা হয়েছিল। সেইমতো হাজিরাও দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। কিন্তু বিকেল গড়াতেই কলকাতা পুলিশের একটি দল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হয়। পাশাপাশি মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। তখনই আন্দাজ করা হচ্ছিল বড় কিছু হতে চলেছে। প্রায় ৪ ঘণ্টা ইডি-র জেরা সামলে সিজিও কমপ্লেক্স থেকে বের হতেই ইন্দ্রনীল সেনকে আচমকা গাড়িতে তুলে নেয় লালবাজারের আধিকারিকরা। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় সোজা লালবাজারে। জানা যাচ্ছে, তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পুজোর পাসের নামে জালিয়াতির অভিযোগ দায়ের হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। বারবার চেষ্টা করেও তাঁর নাগাল পাওয়া যাচ্ছিল না, এমনকি আদালতের দ্বারস্থও হয়েছিল পুলিশ। এবার কার্যত ওৎ পেতে ছিল পুলিশ, সিজিও কমপ্লেক্স থেকে বের হতেই তাঁকে আটক করা হয়। ইন্দ্রনীলকে গ্রেফতার করা হয়েছে কিনা সে ব্যাপারে প্রথমে কিছুই জানায়নি কলকাতা পুলিশ। উল্লেখ্য, ইন্দ্রনীলের বিরুদ্ধে পুজোর পাসে দুর্নীতি সংক্রান্ত মূল অভিযোগটি দায়ের করা হয়েছিল কলকাতা পুলিশের বৌবাজার থানায়। জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির দায়ের করা এফআইআরের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। পরে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি এই মামলায় তদন্ত শুরু করেছিল। এই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে আগাম জামিনের আবেদন করেছিলেন ইন্দ্রনীল সেন। হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছিল। ইন্দ্রনীল সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছেন কিন্তু সেই মামলার শুনানি পিছিয়ে যায়। এবার কলকাতা পুলিশ তাঁকে আটক করলো। প্রাথমিক তদন্তে ইডি-র তদন্তে উঠে এসেছে এই মামলায় প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ইন্দ্রনীলের স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে।
