নিজস্ব প্রতিনিধি: রাম জন্মভূমি অযোধ্যা থেকে সীতার পুণ্যভূমি নেপালের জনকপুর পর্যন্ত ট্রেন চালু হয়ে গেল। সোমবার একসাথে এই ট্রেনের উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। এর ফলে যেমন দুই দেশের সম্পর্ক আরও জোরালো হবে, তেমনই ধর্মীয় পর্যটনের ক্ষেত্রেও একটা নতুন অধ্যায় শুরু হল। যদিও দুই প্রতিবেশী দেশ ভারত এবং নেপাল— দুই দেশের মধ্যেই দীর্ঘদিনের ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক বন্ধন রয়েছে। কিন্তু সম্প্রতি নেপালের সঙ্গে ভারতের কিছু সমস্যার বিষয় সামনে আসছিল। বিশেষ করে নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ, ভারতের থেকে চিনকেই বেশি গুরুত্ব দিতে শুরু করেছিলেন। কারণ বালেন্দ্র নিজে ‘চিনপন্থী’ বলে পরিচিত। তাছাড়া নেপালের উপর বেজিংয়ের প্রভাব অনেকদিন ধরেই রয়েছে। গত বছর নেপালে গণঅভ্যুত্থানেও চিনের প্রভাব ছিল বলে মনে করেন বহু বিশ্লেষক। কিন্তু সম্প্রতি পরিস্থিতি বদলেছে। নেপাল চিনের দিক থেকে সরে এসে অনেকটাই ভারতনির্ভর হয়ে উঠছে। আর এতে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর হাত রয়েছে বলেই মনে করা হচ্ছে।
গত আগস্ট মাসের হড়পা বানে তছনছ হয়ে গিয়েছে নেপাল। সেই ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি কাঠমান্ডু। তাই ‘নতুন’ নেপাল গড়তে ভারতের সহযোগিতা চাইছেন বলেন্দ্র। ভারত প্রথম থেকেই নেপালকে সব ধরণের সহায়তা দিয়ে আসছে। এবার দুই দেশের সম্পর্ক আরও অটুট করতে চালু করা হল ‘সরযূ-কমলা এক্সপ্রেস’। যা উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে নেপালের জনকপুর পর্যন্ত চলাচল করবে। দুই শহরের বিখ্যাত দু’টি নদী সরযূ ও কমলার নামেই এই ট্রেনের নামকরণ করা হয়েছে। রেল সূত্রে খবর, নতুন ট্রেনটি এই ৬০৪ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় নেবে প্রায় ১৯ ঘণ্টা। সোমবার উদ্বোধন হলেও আগামী ২৮ নভেম্বর থেকে সাধারণ যাত্রীদের জন্য সপ্তাহে এক দিন করে এই ট্রেন চলবে। প্রতি সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে অযোধ্যা থেকে ছেড়ে পরদিন অর্থাৎ মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে এটি জনকপুর ধামে পৌঁছোবে। ফিরতি পথে প্রতি শনিবার নেপালের স্থানীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে জনকপুর ধাম থেকে রওনা হয়ে রবিবার সকাল ৮টা ১০ মিনিটে অযোধ্যায় ফিরে আসবে।
এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নেপাল ছাড়া আমাদের রামও অসম্পূর্ণ। পাশাপাশি তিনি হড়পা বানে দুর্গত নেপালকে প্রায় ১৫ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। পাশাপাশি এদিন মহাকালী নদীর উপরে উত্তরাখণ্ডের অসিগাদা থেকে নেপালের ধরচুলার সংযোগকারী ১১০ মিটারের একটি সেতুরও উদ্বোধন করেন তাঁরা। অন্।দিকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেছেন, “ভারত-নেপাল সম্পর্ক হিমালয়ের মতো অটল, মহাসাগরের মতোই বিশাল”। এ ছাড়া দুই দেশের মধ্যে বৃহত্তর শিক্ষা সহযোগিতারও আহ্বান জানিয়েছেন তিনি। বিশ্লেষকদের একাংশের মতে, ‘ভারসাম্যের খেলা’য় মেতে থাকলেও আসলে চিনে মোহভঙ্গ হয়েছে নেপালের প্রধানমন্ত্রীর। সে কারণেই দিল্লির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন তিনি।
