সোমবার, 23 নভেম্বর 2026 08:29 PM
ব্রেকিং
ভারতের ফায়ারিং রেঞ্জে জাপানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা! চিনকে মাত দিল দিল্লি?   •   উত্তরপ্রদেশে আসন সমঝোতার অঙ্ক মেলাতে হিমশিম খাচ্ছেন রাহুল-অখিলেশ!   •   বিপাকে ইউটিউবার ধ্রুব রাঠি, ‘জার্মান শেফার্ডে’র বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা!   •   এক ট্রেনেই রামজন্মভূমি থেকে সীতার জন্মস্থান! উদ্বোধনে মোদি-বালেন শাহ   •   জানুয়ারি থেকেই চালু বেকার ভাতা, তবুও কর্মহীনদের উদ্দেশে ‘সরি’ বললেন মুখ্যমন্ত্রী!   •   বিপুল বিস্ফোরক বোঝাই বাংলাদেশগামী চিনা জাহাজ আটক ইন্দোনেশিয়ায়! নজর রাখছে দিল্লি   •   গোহত্যা আর বরদাস্ত নয়, কড়া বার্তা দিয়ে বিল আনার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর   •   মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রস্তাব রাজ্যের নাম ইংরাজিতেও হোক ‘পশ্চিমবঙ্গ’   •   ‘বেকারদের থেকে টাকা নেওয়া অপরাধ’, এবার সরকারি চাকরির আবেদনের ফি মকুব   •   আমাদের সরকার 'কৃষকবন্ধু', দুর্যোগে চাষিদের জন্য বিপুল ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর   •   বিসলেরির পানীয় জলে ক্যানসারের উপাদান? বিতর্কের আবহে মুখ খুলল সংস্থা!   •   ফুসফুসে ঢুকছে বিষাক্ত লালা! ভেন্টিলেশন থেকে বের হলেও বিপদমুক্ত নন রেখা   •  

ভারতের ফায়ারিং রেঞ্জে জাপানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা! চিনকে মাত দিল দিল্লি?

ভারতের ফায়ারিং রেঞ্জে জাপানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা! চিনকে মাত দিল দিল্লি?
নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি টোকিওতে জাপান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকে সামরিক ও অস্ত্র শিল্প সহযোগিতা বাড়াতে উভয় দেশই সম্মত হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে ভবিষ্যতে যৌথ মহড়ায় ভারতীয় ফায়ারিং রেঞ্জে জাপানি সেনাদের সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ প্রশিক্ষণের অনুমতি দেওয়াও অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ এবার থেকে জাপানের ‘সেলফ-ডিফেন্স ফোর্সেস’ বা আত্মরক্ষা বাহিনীকে ভারতের ফায়ারিং রেঞ্জে সরাসরি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুশীলনের অনুমতি দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ভারত। 

গত বৃহস্পতিবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি এবং পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি টোকিওতে ‘টু-প্লাস-টু’ বৈঠকে তাঁদের ভারতীয় প্রতিপক্ষ ভারতের রাজনাথ সিং এবং এস. জয়শঙ্করের সঙ্গে যোগ দিয়েছিলেন। একটি ‘লেটার অফ ইনটেন্ট’ বা অভিপ্রায়পত্র স্বাক্ষরিত হওয়ার পর, প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানান যে, আগামী বছর থেকে জাপানি বাহিনী ভারতের ফায়ারিং রেঞ্জ ব্যবহার করবে। তিনি এটিকে একটি বড় কৌশলগত পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। ইতিমধ্যেই এই সমঝোতা চুক্তি নিয়ে গোটা বিশ্ব তোলপাড় হতে শুরু করেছে। ভূ-রাজনৈতিক বিশ্লেষকরা এই চুক্তিকে চিনের জন্য উদ্বেগের বলে উল্লেখ করছেন। 

প্রসঙ্গত, সমুদ্রবেষ্টিত দ্বীপরাষ্ট্র জাপানের নিজস্ব ফায়ারিং রেঞ্জগুলো অত্যন্ত ছোট। সেখানে ‘টাইপ-২৫’ সারফেস-টু-শিপ (ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য) ক্ষেপণাস্ত্রের মতো দীর্ঘপাল্লার অস্ত্র পরীক্ষা করা অসম্ভব। এই ক্ষেপণাস্ত্রগুলির পাল্লা প্রায় ১,০০০ কিলোমিটার পর্যন্ত। এ কারণেই জাপানের জন্য এমন একটি জায়গার প্রয়োজন ছিল যেখানে তাঁরা তাঁদের শক্তিশালী এবং দুরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলি পরীক্ষা-নিরীক্ষা চালাবে। এটা যেমন জাপানের জন্য সুখবর, তেমনই চিনের জন্য চিন্তার। কারণ, চিন ও জাপানের মধ্যে সাপে-নেউলে সম্পর্ক সম্পর্কে সকলের জানা। 


এছাড়া, মন্ত্রীরা অর্থনৈতিক জবরদস্তি এবং স্বেচ্ছাচারী রপ্তানি বিধিনিষেধের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এটি মূলত চীনের প্রতি একটি স্পষ্ট ইঙ্গিত; কারণ প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাইওয়ান সংকট নিয়ে মন্তব্য করার পর থেকেই চীন জাপানি কোম্পানিগুলোকে কালো তালিকাভুক্ত করেছে এবং বিরল মৃত্তিকা ধাতু (রেয়ার-আর্থ) রপ্তানি কমিয়ে দিয়েছে। এই চুক্তিটি উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ককে আরও গভীর করবে, যা এই অঞ্চলে প্রতিরোধ সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে সহায়ক হবে। চিনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা প্রতিহত করতে জাপান তাঁদের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে শুরু করেছে ইতিমধ্যেই। টোকিও এই বছর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা শুরু করেছে। 

তাৎপর্যপূর্ণভাবে সাম্প্রতিক বছরগুলোতে জাপান নিরাপত্তা, প্রতিরক্ষা এবং অর্থনৈতিক বৃদ্ধির কৌশল হিসেবে শান্তিবাদী নীতি উল্লেখযোগ্যভাবে শিথিল করেছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য তাঁরা বিভিন্ন প্রাণঘাতী অস্ত্র রফতানির ওপর থেকেও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। যেমন,  জাপানি নৌবাহিনীর রেডিও অ্যান্টেনা 'ইউনিকর্ন' ভারতে হস্তান্তরের লক্ষ্যে আলোচনা ত্বরান্বিত করতে সম্মত হয়েছেন জাপানের দুই মন্ত্রী। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রীও ভারত সফরে এসেছিলেন। ইতিমধ্যেই দুই দেশের উপকূলরক্ষী বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব এবং যৌথ মহড়াও শুরু হয়ে গিয়েছে। অপরদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, প্রতিরক্ষা শিল্প সহযোগিতা ‘ডিজাইন উইথ জাপান, মেক ইন ইন্ডিয়া’ কাঠামোর অধীনে এগিয়ে যাবে। 

চিন একদিকে পাকিস্তান ও বাংলাদেশকে ব্যবহার করে ভারতের ওপর চাপ বৃদ্ধি করার কৌশল নিয়েছে। বেইজিং ইতিমধ্যেই ইসলামাবাদ ও ঢাকাকে ভারী অস্ত্রশস্ত্র সরবরাহ করছে। বিশ্লেষকদের মতে, এবার ভারত পাল্টা চাল দিল। চিনের শত্রু জাপানকে কাছে টেনে প্রতিরক্ষা শিল্পকে জোরদার করে নরেন্দ্র মোদির সরকার চিনকেও চাপে ফেলে দিল। কারণ,জাপান ও ভারত একসাথে প্রতিরক্ষা সাজসরঞ্জাম তৈরি শুরু করলে চিনের অস্ত্রশস্ত্রের বিক্রিবাট্টা চ্যালেঞ্জের মুখে পড়বে।