নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর ঐতিহাসিক বিজয় দিবসের দিনই স্বদেশে প্রত্যাবর্তন করতে চান। মঙ্গলবারই মুজিবকন্যার এই ঘোষণার কথা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। তারপরই বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছে। কিন্তু বাংলাদেশের বিএনপি সরকার এখনও এটাকে গুরুত্ব দিতে নারাজ। মঙ্গলবার এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির রীতিমতো কটাক্ষ করেন শেখ হাসিনাকে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা, আর বাস্তবতা এক নয়। তাঁকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে।” বাংলাদেশের আরেক বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, “মানবতাবিরোধী অপরাধীদের (যে মামলায় হাসিনা দোষী সাব্যস্ত) পাসপোর্ট দেওয়ার আইন নেই। বাংলাদেশের যে কোনও দূতাবাসে গেলেই গ্রেফতার করা হবে তাঁকে।”
মঙ্গলবার শেখ হাসিনার মুখপাত্র সইদ মোজাম্মেল আলি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ‘বাংলাদেশে ১৬ ডিসেম্বর দিনটির গুরুত্বই আলাদা। সেই গুরুত্বের কথা মাথায় রেখে ওইদিনই দেশের মাটিতে পা রাখবেন মুজিবকন্যা। আওয়ামী নেত্রীর এই ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই প্রতিক্রিয়া দিল বাংলাদেশ বিদেশমন্ত্রক। প্রসঙ্গত, সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ-ও বলা হয়েছে, বাংলাদেশের সরকারি উড়ান সংস্থা ‘বিমান বাংলাদেশে’ করেই স্বদেশে ফিরতে চান হাসিনা। সেই মতো তারেকের সরকারের কাছে আর্জি জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। যেমনটা ২০২৪ সালের ৫ আগস্ট তিনি বাংলাদেশের সামরিকবাহিনীর একটি বিমানেই ঢাকা থেকে দিল্লি এসেছিলেন। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তারেক সরকারের বিদেশ প্রতিমন্ত্রী এই দাবিকে ‘হাস্যকর’ বলে ব্যাখ্যা করেছেন।
হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা প্রকাশ্যে আসার পর গত কয়েক সপ্তাহ ধরে জ্বলছে বাংলাদেশ। জায়গায় জায়গায় বিক্ষোভ, অবরোধ করছেন আওয়ামি লিগ কর্মী-সমর্থকরা। পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিয়ে বৈঠকে বসে বাংলাদেশের বিদেশমন্ত্রক। সেখানে উপস্থিত ছিলেন ভারত-সহ ৬০টি দেশের কূটনীতিকরা। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক মহল। তবে পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে আগামী কয়েকদিন সকলের নজরই থাকবে বাংলাদেশের দিকে।
