নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা আগেই জানিয়েছিলেন যে তিনি আসন্ন ডিসেম্বর মাসেই দেশে ফিরবেন। যা নিয়ে তুমুল চর্চা চলছিলো বাংলাদেশ ও ভারতে। এবার তিনি স্পষ্ট করে বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন। মঙ্গলবার সংবাদসংস্থা রয়টার্সকে হাসিনার মুখপাত্র জানিয়েছেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছেন আওয়ামী লীগ নেত্রী। প্রসঙ্গত, বাংলাদেশে ১৬ ডিসেম্বর তারিখটির ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। ওই দিনটি বাংলাদেশে বিজয় দিবস হিসেবে পালন করা হয়।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধের অবসানে ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় সেনা এবং বাংলাদেশের মুক্তিবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। এরপরই স্বাধীন বাংলাদেশের ভিত রচনা হয়। ফলে এই ঐতিহাসিক বিজয় দিবসই যে বেছে নিতে পারেন বঙ্গবন্ধু মুজিবর রহমানের কন্যা, তার কানাঘুশো ছিলই। এবার তাতেই শীলমোহর পড়লো।
সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে জানিয়েছেন , "যেহেতু শেখ হাসিনাকে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তিনি এখন তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য বিমান পরিবহনের ব্যবস্থা করতে সরকারের বাংলাদেশ প্রতি আহ্বান জানিয়েছেন।" অর্থাৎ, বাংলাদেশের পতাকাবাহী বিমানেই তিনি ফিরতে চান বলে জানিয়েছেন আওয়ামী লীগের মুখপাত্র। ঘটনাচক্রে, আওয়ামী লীগ নেত্রীর এই ঘোষণার ঠিক আগেই হাসিনা-বিরোধী আন্দোলন থেকে উঠে আসা দল জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকের পর যথারীতি তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সুড় চড়িয়েছেন। পাশাপাশি নিজের ‘ভারত-বিরোধী’ অবস্থানও স্পষ্ট করেছেন ফের একবার। এখন দেখার, বাংলাদেশের সরকারি প্রতিক্রিয়া কি হতে চলেছে।
