নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ধর্ষণ, শ্লীলতাহানি, যৌন হেনস্থার মতো গুরুতর ঘটনায় নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। তিনি-সহ প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং প্রায় ৪০ জন সরকারি আধিকারিকদের বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের হয়েছে বাগুইআটি থানায়। যা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। এবার ব্রাত্য বসুর বিরুদ্ধে প্রাতিষ্ঠিনিক দুর্নীতির বড়সড় অভিযোগ সামনে এল। বিজেপি সরকারের আমলে গঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশন ব্রাত্যর বিরুদ্ধে তদন্তে নামতে চলেছে। এই কমিশনের মাথায় রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু।
জানা যাচ্ছে সম্প্রতি রাজ্যের নবগঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশনে ব্রাত্য বসুর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। অভিযোগ, তৃণমূল আমলে বাংলা অকাদেমির চেয়ারম্যান পদে থাকার সময় ব্রাত্য বসু বিভিন্ন দুর্নীতিতে জড়িয়েছেন। বিভিন্ন পুরস্কার থেকে শুরু করে বই ছাপানোর ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি হয়েছে বলে দাবি। কমিশনে এই ধরণের অভিযোগ জমা পড়ার পরই চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু তদন্তের নির্দেশ দিয়েছেন। ফলে আরও বিপাকে পড়তে চলেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।
উল্লেখ্য, রাজ্যে পালা-বদলের বদলের পর যে কোনও প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্ত করতে একটি কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যার মাথায় বসিয়েছিলেন প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুকে। এই কমিশন ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন দুর্নীতি নিয়ে তদন্ত করছে। এবার প্রাক্তন মন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধেও নতুন তদন্ত শুরু করবে এই কমিশন।
