নিজস্ব প্রতিনিধি: ভারতের ‘চিকেনস নেক’ অর্থাৎ শিলিগুড়ি করিডর সবসময়ই গুরুত্বপূর্ণ একটি অংশ। নেপাল, ভুটান, বাংলাদেশ এবং চিনের চুম্বি উপত্যকা সংলগ্ন পশ্চিমবঙ্গের এই অংশটি মাত্র ২০-২২ কিলোমিটার চওড়া। আর এই অংশ দিয়েই মূলত ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের যোগাযোগ রক্ষা করা হয়। ফলে ভারতের কাছে এই শিলিগুড়ি করিডোর বরাবরই সংবেদনশীল। কিন্তু বিগত তৃণমূল সরকার কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সিগুলির বারবার সাবধান করা সত্বেও কোনও হেলদোল দেখায়নি। কিন্তু এবার রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপি। এর পরেই শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা এবং নজরদারি নিয়ে জিরো টলারেন্স নীতি নিল পশ্চিমবঙ্গ সরকার।
সম্প্রতি ঝটিকা সফরে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছিলেন। সূত্রের খবর, ওই বৈঠকেই চিকেনস নেক সংলগ্ন এলাকায় সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত করা নিয়ে আলোচনা হয়েছে। জানা যাচ্ছে, সীমান্তবর্তী এলাকাগুলিতে সরকারি জমি থেকে দখলদারি হটানো ও অনুপ্রবেশ বন্ধে রাজ্য প্রশাসনকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বিগত কয়েকদিনে শিলিগুড়ি করিডোর থেকে একাধিক সন্দেহভাজনকে আটক বা গ্রেফতার করা হয়েছে। এবার অনুপ্রবেশ নিয়ে আরও কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে শুভেন্দু অধিকারীর প্রশাসন। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া এবং নিরাপত্তা পরিকাঠামো তৈরির জন্য রাজ্য শিলিগুড়ি করিডর ও সীমান্তবর্তী এলাকায় বিএসএফ-এর হাতে প্রয়োজনীয় জমিও তুলে দিয়েছে।
এছাড়া শিলিগুড়ি করিডোর এলাকায় সেনা চলাচল এবং যোগাযোগ ব্যবস্থা মসৃণ রাখতে রাজ্যের পূর্ত দপ্তরের অধীনে থাকা একাধিক গুরুত্বপূর্ণ সড়ক জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। দ্রুত সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজও শুরু হয়েছে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ি সফরে এসে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ তৈরির কথা জানিয়েছিলেন। যার কাজ প্রায় শেষ। এবার ওই এলাকায় থাকা জবরদখল হয়ে থাকা সরকারি জমি দখলমুক্ত করার কাজ শুরু করেছে রাজ্য সরকার।
