নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার সকাল ৭টা নাগাদ নেপালের কোশি প্রদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। নেপালের পাশাপাশি ভারতের উত্তরবঙ্গ, সিকিম-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকাতেও ভূমিকম্পন অনুভূত হয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে কম্পন অনুভূত হয়। সাতসকালে ঘুম ভাঙতেই আতঙ্কে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন অনেকে। এখনও পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি।
কিন্তু প্রশ্ন হল, নেপালে ভূমিকম্প হলে উত্তরবঙ্গ এতটা কেঁপে ওঠে কেন? এর উত্তর লুকিয়ে রয়েছে হিমালয়ের ভূতাত্ত্বিক অবস্থানে। পৃথিবীর উপরিভাগ একাধিক টেকটোনিক প্লেটে বিভক্ত। ভারতীয় প্লেট ক্রমাগত উত্তর দিকে এগিয়ে ইউরেশীয় প্লেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। প্রায় পাঁচ কোটি বছর আগে শুরু হওয়া এই সংঘর্ষের ফলেই তৈরি হয়েছিল হিমালয় পর্বতমালা। সেই প্রক্রিয়া আজও চলছে। দুই প্লেটের সংঘর্ষে ভূগর্ভে বিপুল শক্তি জমা হয়। সেই শক্তি হঠাৎ মুক্তি পেলেই সৃষ্টি হয় ভূমিকম্প।
নেপাল ও উত্তরবঙ্গ এই সক্রিয় হিমালয় বেল্টের কাছাকাছি অবস্থিত। তাই নেপালের ভূমিকম্পের কম্পন সীমান্ত পেরিয়ে উত্তরবঙ্গ ও সিকিমেও অনুভূত হয়। বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলের ভূমিকম্পের ঝুঁকি উপেক্ষা করার সুযোগ নেই। ভূমিকম্প আটকানো সম্ভব নয়, তবে নিরাপদ নির্মাণ, সচেতনতা এবং আগাম প্রস্তুতিই পারে বিপর্যয়ের ক্ষয়ক্ষতি কমাতে।
