নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যবস্থা চালু হয়েছিল। স্থানীয় বাসের পাশাপাশি দূরপাল্লার বাসেও মহিলা যাত্রীরা বিনামূল্যে যাত্রা করতে পারেন। কিন্তু তাতে একটা সমস্যার মুখে পড়েছে রাজ্যের সরকারি বাস সংস্থাগুলি। অভিযোগ, মহিলাদের আধার কার্ড দিয়ে গোটা বাস বুক করা হচ্ছে, কিন্তু আসছেন না যাত্রীরা। তাতে ব্যাপক ক্ষতি হচ্ছে পরিবহন দফতরের। এটা বড়সড় চক্রান্ত দাবি করে রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং অভিযোগের আঙ্গুল তুললেন বামপন্থীদের দিকে। তাঁর কথায়, “ঢালাও বুকিং হচ্ছে। এটা সেকু মাকুদের কাজ। অর্গানাইজড ওয়েতে তারা করছে। ফুল বাস বুকিং আছে, প্যাসেঞ্জার নেই।” পরিবহণমন্ত্রীর এ হেন মন্তব্যের পরই হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। অন্যদিকে বেসরকারি বাসের ভাড়়া বৃদ্ধির দাবিতেও সায় দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
মন্ত্রীর দাবির পরই রাজ্যের পরিবহন দফতর মহিলাদের ফ্রি বাস টিকিটের অনলাইন বুকিং নিয়ে বড়সড় পদক্ষেপ নিয়েছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার থেকে অনলাইনে মাত্র ৩০ শতাংশ আসন বুক করা যাবে এবং বাকি আসনের টিকিট বাসে উঠে কাটতে হবে। অর্জুন সিংয়ের অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে অনলাইনে মহিলা যাত্রীদের ১০০ শতাংশ টিকিট বুক করে রাখছিল। এর ফলে একদিকে যেমন সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে তেমনই সাধারণ যাত্রীরাও পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। অর্জুনের দাবি, গত ৬ মাসে এই কারসাজির জেরে পরিবহন দফতরের বড় ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরই নতুন নিয়ম চালু করা হয়। তাতে লাভের মুখ দেখতে শুরু করেছে পরিবহন সংস্থাগুলি। মন্ত্রীর দাবি, ইতমধ্যেই পরিবহন দফতর ১৮ শতাংশ লাভের মুখ দেখেছে।
কিভাবে হচ্ছে দুর্নীতি?
রাতের দিকে উত্তরবঙ্গ পরিবহন সংস্থার কলকাতার ধর্মতলা থেকে শিলিগুড়ি বা মালদা রুটের সব বাসে প্রায় দিনই সিট ফুল হয়ে যাচ্ছে। কাউন্টারের কর্মীদের দাবি, একটা টিকিটের নম্বর খুললে দেখা যাচ্ছে, পাঁচ জন একসঙ্গে টিকিট কেটেছে। আবার দেখা যাচ্ছে ১০ জন একসাথে টিকিট কেটেছে। শিলিগুড়ির প্রতিটি টিকিটের দাম ১২৪৫ টাকা। তবুও এ সব ক্ষেত্রে পরিবহন সংস্থার ভাঁড়ারে মা ভবানী। এই দুর্নীতি রুখতেই পদক্ষেপ নিয়েছে পরিবহন দফতর। এবার থেকে ৩০ শতাংশের বেশি সরকারি বাসে অনলাইনে বুকিং নয়। ৩ বার ভুয়ো বুকিং করলে, ৬ মাসের জন্য সংশ্লিষ্ট আধার কার্ড লক করে দেওয়া হবে বলেও জানিয়েছেন পরিবহন মন্ত্রী।
