নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। এর জেরে মাঠেই নষ্ট হয়েছে ধান-সহ একাধিক শাকসবজি। ইতিমধ্যেই এর প্রভাব বাজারে ধরা পড়তে শুরু করেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সঙ্গে আনাজপাতির দাম গৃহস্থের হাতে ছ্যাঁকা দিচ্ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের বৈঠকে একদিকে যেমন প্রশাসনকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি, তেমনই ব্যবসায়ী সংগঠনগুলির উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী।
কেন বাড়ছে সর্ষের আনাজপাতির দাম? খতিয়ে দেখতে ময়দানে নামতে নির্দেশ টাস্ক ফোর্সকে। শুধু তাই নয়, সূত্রের খবর এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরষের তেল এবং চিনির দাম বৃদ্ধি নিয়েও উদ্বেগ জানিয়েছেন। পাশাপাশি এদিনের বৈঠকে পুলিশ ও প্রশাসনকে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বৈঠকে উপস্থিত বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশে তিনি জানান, সরকার যেমন সবসময় ব্যবসায়ীদের পাশে থেকে সহযোগিতা করছে, তেমনই ব্যবসায়ীদেরও উচিত সরকারের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
কোনও আড়তদার বা মজুতদার যদি অন্যায়ভাবে মজুত করে কিংবা ইচ্ছে করে বাজারে জিনিসের জোগান কমিয়ে দেয়, তবে সেই খবর দ্রুত প্রশাসনকে জানানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে প্রশাসন ওই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত কড়া ব্যবস্থা নিতে পারবে বলেও জানিয়েছেন তিনি। সরকারের মূল লক্ষ্য হল নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে তা নিশ্চিত করা। কিন্তু একশ্রেণির ফড়ে ইচ্ছাকৃতভাবে বাজারে পণ্যের জোগান কমিয়ে রেখে দাম বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধরনের অসাধু কাজ আর কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
