নিজস্ব প্রতিনিধি: দলবদলের পর তাঁদের সাংসদপদ কেন খারিজ করা হবে না? এই প্রশ্নে জবাব দিতে লোকসভার স্পিকারের কাছে বারবার সময় চেয়ে নিচ্ছিলেন তৃণমূলের ‘বিদ্রোহী’ ২০ জন সাংসদ। অবশেষে স্পিকারের দেওয়া আল্টিমেটামে মঙ্গলবার সেই জবাব দিলেন তাঁরা। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সেই সব প্রশ্নের উত্তর লিখিত আকারে জমা করলেন ‘ন্যাশনাল সিটিজ়েনস পার্টি অফ ইন্ডিয়া’ বা এনসিপিআই-তে যোগ দেওয়া ওই ২০ জন সাংসদ। উল্লেখ্য, তৃণমূলের টিকিটে জেতা ওই ২০ জনের সাংসদপদ খারিজের জন্য গত ১৮ জুন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পৃথক আবেদন করেছিলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন দেখার সবদিক খতিয়ে দেখে স্পিকার কি সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, কোন যুক্তিতে তাঁরা তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন এবং কেন তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর হবে না, সেই বিষয়ে সুদীপ-কাকলিদের কাছে জানতে চেয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তার আগে অভিষেকের চিঠির প্রেক্ষিতে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সুপ্রিম কোর্ট ওই ২০ জন সাংসদকে নোটিশ দেয়। এরপরই লোকসভার স্পিকার আল্টিমেটাম দিয়েছিলেন। মঙ্গলবার অর্থাৎ ২৪ নভেম্বরই ছিল জবাব দেওয়ার শেষ দিন। এদিনই তৃণমূল ত্যাগ করে নতুন দলে যোগ দেওয়া বাংলার ২০ জন সাংসদ আলাদা আলাদা করে স্পিকারের কাছে নিজেদের জবাব জমা দিলেন।
