নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশ এবং পাক অধিকৃত কাশ্মীর এমনিতেই বিদ্রোহের আগুনে জ্বলছে। এবার তাতে যোগ হল সিন্ধ প্রদেশও। মঙ্গলবার করাচি-সহ সিন্ধু প্রদেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ পদযাত্রায় অংশ নিলেন। এমনকি ওই মিছিল থেকে স্বাধীন ‘সিন্ধুদেশ’-এর সমর্থনে স্লোগানও উঠেছে। ঘটনা হল, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তানে বিদ্রোহের আগুন থামাতে পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির পাকিস্তানের চারটি প্রদেশ ভেঙে দেশটিকে বেশ কয়েকটি ছোট প্রশাসনিক অঞ্চলে ভাগ করার পরিকল্পনা করছেন। এরই বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পরে সিন্ধু প্রদেশে। সিন্ধি জাতীয়তাবাদী সংগঠন ‘জিয়ে সিন্ধ মুত্তাহিদা মাহাজ’ বা জেএসএমএম মঙ্গলবার বিশাল মিছিলের আয়োজন করেছিল। তাতে যথেষ্টই সাড়া পড়েছে। সিন্ধুকে বিভক্ত করা বা নতুন প্রশাসনিক ইউনিট তৈরির প্রস্তাবিত পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হাজার হাজার সিন্ধি মানুষ তাদের ঐতিহ্যবাহী আজরাক স্কার্ফ ও টুপি পরে করাচির রাস্তায় নেমে আসেন।
সংগঠনের তরফে পাকিস্তানের সবচেয়ে জনবহুল ও রাজনৈতিকভাবে শক্তিশালী প্রদেশ পাঞ্জাবে অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পাকিস্তানের শক্তিশালী সামরিক প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দেশের চারটি প্রধান প্রশাসনিক প্রদেশ—পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানকে ভেঙে ১২ থেকে ১৫টি ছোট প্রশাসনিক অঞ্চল বা নতুন প্রদেশ গঠনের প্রস্তাব দিয়েছেন। সেনার দেওয়া সেই প্রস্তাব নিয়ে আলোচনা চালাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার। যদিও বর্তমানে পাকিস্তানের প্রশাসন পুরোপুরি সেনার নিয়ন্ত্রণেই চলছে বলে দাবি আন্তর্জাতিক মহলের একাংশের। ফলে পাকিস্তানের প্রদেশগুলির ভাগ হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা।
এই পরিকল্পনার বিরুদ্ধেই জোটবন্ধ হয়ে করাচি-সহ সিন্ধু প্রদেশের বিভিন্ন শহরে পথে নেমেছে একাধিক বিরোধী রাজনৈতিক শিবিরের নেতা-কর্মীরা। তাঁরা নিজেদের মধ্যে সমস্ত বিরোধ, বিভেদ ভুলে একজোট হয়ে পথে নেমেছেন। “সিন্ধুর এক ইঞ্চি জমিও ছাড়ব না” স্লোগান তুলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে বিক্ষোভকারীরা। যে দেশ ভারতকে ভাগ করার জন্য সর্বদা উন্মুখ। ভারতের অভ্যন্তরেই টুকরে টুকরে গ্যাং তৈরি করে ভারতকে টুকরো টুকরো করার পরিকল্পনা করে, সেই দেশই এখন বড় সড় ভাঙনের মুখে পড়েছে। পাকিস্তানের প্রতিটি প্রদেশেই বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে। বাকি শুধু পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ।
